গাজীপুরে মন্দিরের দানবাক্স ভেঙে নগদ অর্থ ও মালামাল চুরি, থানায় অভিযোগ
গাজীপুরের জয়দেবপুর থানার বাড়িয়া ইউনিয়নের বড় কয়ের (পূবাইল) এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের দানবাক্সের তালা ভেঙে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রী শ্রী দুর্গা মন্দিরের কীর্তন কমিটির সভাপতি গৌতম চন্দ্র দাস।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুন রাতে নিয়মিত পূজা-অর্চনা শেষে পুরোহিত ও ভক্তরা মন্দির থেকে নিজ নিজ বাড়িতে চলে যান। পরদিন ২০ জুন সকাল ৮টার দিকে মন্দিরের পূজারী সাবিত্রী রানী দাস পূজা দিতে এসে দেখতে পান, মন্দিরের দানবাক্সের তালা ভাঙা। এছাড়া একই প্রাঙ্গণে অবস্থিত শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দিরের মূল কলাপসিবল গেটের তালাও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।
খবর পেয়ে মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে এসে দেখেন, রাধা-কৃষ্ণ মন্দিরের ভেতর থেকে তিনটি কাঁসার থালা, একটি কাঁসার গ্লাস, একটি পূজার ঘণ্টা ও একটি কাঁসার কাশ চুরি হয়েছে। এছাড়া মন্দিরের দানবাক্স ও রাধা-কৃষ্ণ মন্দিরে থাকা প্রণামী বাবদ প্রায় ৩৫ হাজার নগদ টাকাও নিয়ে গেছে চোরেরা। চুরি হওয়া মালামাল ও নগদ অর্থসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫৪ হাজার ২০০ টাকা।
মন্দির কমিটির সভাপতি গৌতম চন্দ্র দাস বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
জয়দেবপুর থানা পুলিশ জানায়, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments