টুর্নামেন্টের শুরুতে ছন্দহীন বেলজিয়াম অবশেষে চেনা রূপে ফিরল। প্রথম দুই ম্যাচে মিসর ও ইরানের সঙ্গে ড্র করে খাদের কিনারায় থাকা দলটি নিউজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে পা রেখেছে।
কানাডার ভ্যাঙ্কুভারে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের সামনে সমীকরণ ছিল কঠিন। শুধু জয় নয়, গ্রুপ সেরা হতে হলে অন্তত তিন গোলের ব্যবধান প্রয়োজন ছিল তাদের। এমন সমীকরণ মাথায় নিয়ে কিউইদের ওপর আক্রমণের বন্যা বইয়ে দেয় রুদি গার্সিয়ার শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম। তবে বিরতির পর তাদের আক্রমণের ধার আরও বেড়ে যায়। নিউজিল্যান্ডের রক্ষণভাগকে তছনছ করে দিয়ে একে একে আরও চারবার বল জালে পাঠায় রেড ডেভিলসরা। কিউইদের হয়ে এলিজা জাস্ট একটি গোল শোধ করলেও তা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না।
ম্যাচের শেষভাগে বদলি ফুটবলার হিসেবে নেমে নজর কেড়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু। মাত্র ১০ মিনিটের উপস্থিতিতেই তিনি নিজে এক গোল করেন এবং সতীর্থকে দিয়ে আরও একটি গোল করিয়ে নিউজিল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
এই বিশাল জয়ের ফলে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এবং গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করল বেলজিয়াম।
মানবকণ্ঠ/ডিআর




Comments