কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় পাটেশ্বরী পয়েন্টে এই নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রতিরক্ষা বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করায় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বাঁধের পাশ থেকে বালু তুলে বিক্রি করার ফলে বাঁধটি নিচু ও দুর্বল হয়ে পড়েছে। ফলে পানি বৃদ্ধি পেতেই তা উপচে ফসলি জমি ও লোকালয়ে ঢুকছে। এতে কৃষকের আমন বীজতলাসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢল ও বৃষ্টির কারণে জেলার সবকটি নদ-নদীর পানি বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, যার ফলে চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলোতে বড় ধরনের বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments