ব্রাহ্মণবাড়িয়ায় ইটবাহী ট্রাক খাদে উল্টে দুই কিশোর নিহত, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবাহী একটি ট্রাক সড়কের পাশের খাদে উল্টে পড়ে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মৃত অহাব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং একই ইউনিয়নের মো. ফরহাদ মিয়ার ছেলে আরশাদ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইটবোঝাই একটি ডিস্ট্রিক্ট ট্রাক তিনলাখপীর-চারগাছ সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এলেও ঘটনাস্থলেই ওই দুই কিশোরের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্য চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকটি উদ্ধার এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments