Image description

সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) ইস্যু ও নবায়নে নতুন সুযোগ দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। বুধবার (৩০ জুন) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন যোগদান বা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তারা চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

দূতাবাস জানায়, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদার, নিয়োগকর্তা ও কর্মীর পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মতে, দেশটির শ্রমবাজারে আইন ও বিধি মেনে চলার সংস্কৃতি আরও শক্তিশালী করার অংশ হিসেবে এই সময়সীমা বাড়ানো হয়েছে। বিশেষ করে অনেক প্রতিষ্ঠান ও কর্মী ইতোমধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের উদ্যোগ নেওয়ায় তাদের সুবিধার কথা বিবেচনা করেই এই সুযোগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সব প্রতিষ্ঠান ও কর্মীকে নির্ধারিত সময়সীমার আগেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায় প্রচলিত শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।