সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র সংশোধনের সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। নিয়োগকর্তা ও কর্মীদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাড়তি সুযোগ দিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এই বর্ধিত সময়সীমা প্রধানত দুটি শ্রেণির প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য হবে। প্রথমত, যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরের (১২ মাস) বেশি সময় আগে শেষ হয়ে গেছে। দ্বিতীয়ত, যেসব কর্মী কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার ৬ মাস পার হলেও এখন পর্যন্ত কোনো ওয়ার্ক পারমিট পাননি।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রম আইন ও বিধিবিধানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এবং নিয়োগকর্তা ও কর্মী—উভয় পক্ষের অধিকার রক্ষার্থেই এই সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে অনিয়মিত অবস্থায় থাকা প্রবাসীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের আইনি স্থিতি (Status) বৈধ করার সুযোগ পাবেন।
একই সঙ্গে মন্ত্রণালয় নিয়োগকর্তা ও কর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে যেন তারা এই ‘গ্রেস পিরিয়ড’ বা সাধারণ ক্ষমার সময় শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিট নবায়ন বা ইস্যু করে নেন। সতর্কবার্তায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম ভঙ্গকারীরা স্থিতি সংশোধন করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments