বিশ্বকাপের নকআউট ম্যাচের আগে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে মিশর। যুক্তরাষ্ট্রের ডালাসে দলীয় হোটেলের সামনে পুলিশের সঙ্গে মিশর দলের কোচিং স্টাফের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার সূত্রপাত হয় এক শিশুভক্তকে ঘিরে। মিশরের তারকা ফুটবলার ত্রেজেগে শিশুটির সঙ্গে ছবি তুলতে রাজি হন। ক্যামেরাও প্রস্তুত ছিল। কিন্তু ঠিক সেই সময় এক পুলিশ কর্মকর্তা ছবি তুলতে বাধা দেন। এ নিয়ে শুরু হয় তর্ক, যা পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এবং আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস জানায়, প্রথমে পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করেন মিশরের প্রধান কোচ হোসাম হাসানের ভাই ও কোচিং স্টাফের সদস্য ইব্রাহিম হাসান। পুলিশের বাধার প্রতিবাদ করলে একপর্যায়ে তাকে ধাক্কা দেওয়া হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে প্রধান কোচ হোসাম হাসানও ঘটনায় জড়িয়ে পড়েন এবং তার সঙ্গেও পুলিশের ধস্তাধস্তি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা বেশ আক্রমণাত্মক আচরণ করে মিশর দলের সদস্যদের দিকে এগিয়ে যান। পরে তার সহকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আশপাশে থাকা লোকজনও এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর কোচ হোসাম হাসানকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
এই ঘটনার মধ্যেই আজ শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।




Comments