চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক পোল্ট্রি ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পোল্ট্রি ব্যবসায়ী লিটনের বাড়ি লক্ষ্য করে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত গুলি ছুড়তে শুরু করে। গুলির বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী লিটন জানান, রাত ৮টা ১৬ মিনিটের দিকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি ঘরের ভেতরে থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান। হামলাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।




Comments