বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে কেপ ভার্দে। নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে সাহসী লড়াই করেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছে দলটিকে। তবে এই হারকে ‘গৌরবের পরাজয়’ বলে আখ্যা দিয়েছেন কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা।
শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়ে দুইবার সমতায় ফিরে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে আফ্রিকার দেশটি।
ম্যাচ শেষে বুবিস্তা বলেন, “বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা, ম্যাচে দুইবার সমতায় ফেরা এবং খেলাটি অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য সম্মানের। সবচেয়ে বড় কথা, এটা গৌরবের পরাজয়। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।”
শিষ্যদের প্রশংসা করে তিনি বলেন, “এত শক্তিশালী একটি দলের বিপক্ষে পুরো ১২০ মিনিট লড়ে যাওয়া কেপ ভার্দের জন্য বড় অর্জন। আমার মনে হয় না, অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারত। আমি আমার দল এবং কোচিং স্টাফের প্রতি গর্বিত। এই বিশ্বকাপে আমাদের লড়াইয়ের মানসিকতা ও চরিত্র দেশের মর্যাদা বাড়িয়েছে এবং বিশ্বে আমাদের পরিচয়কে আরও শক্তিশালী করেছে।”
বিদায়ের হতাশার কথাও তুলে ধরেন কেপ ভার্দের এই কোচ। তিনি বলেন, “ড্রেসিং রুমের পরিবেশটা বিষাদের। আমরা অবশ্যই হতাশ, কারণ প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। আমরা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তারপরও খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছিল, কাঁদছিল। এই অভিজ্ঞতাই আমাদের আরও শক্তিশালী হতে সাহায্য করবে।”
গ্রুপ পর্বেও কেপ ভার্দে চমক দেখিয়েছিল। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে তারা নকআউট পর্বে জায়গা করে নেয়। এরপর আর্জেন্টিনার বিপক্ষেও দুর্দান্ত লড়াই করে বিদায় নিলেও নিজেদের পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছে দলটি।




Comments