স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, সেখানে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।”
তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এছাড়া পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করা হবে।
মন্ত্রী বলেন, “স্বাস্থ্যখাতে এ বছরই একটি বড় পরিবর্তনের সূচনা করতে চাই। জনগণের উন্নয়নে এবং বিশ্বদরবারে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে।”
এবারের জাতীয় বাজেটকে ‘আদর্শের বাজেট’ উল্লেখ করে তিনি বলেন, বাজেটের প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




Comments