শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে ডুবে জুনায়েদ রাড়ী (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার পালেরচর ইউনিয়নের সর্দারকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ওই গ্রামের রানা রাড়ীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুনায়েদের মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জুনায়েদ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের একটি গভীর গর্তে জমে থাকা পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই গর্তের পানিতে তাকে ভাসতে দেখে স্বজনরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন।
আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা করে তার হার্টবিট পাওয়া যায়নি।
নিহতের চাচা শাহ আলম রাড়ী কান্নাজড়িত কণ্ঠে বলেন, "জুনায়েদ সবার আদরের ছিল। খেলতে খেলতে কখন যে গর্তের পানিতে পড়ে গেছে, কেউ টের পায়নি। আমাদের এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।"
শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বর্ষায় বসতবাড়ির আশপাশে গর্ত খুঁড়ে রাখায় এমন দুর্ঘটনা বাড়ছে। এ ধরনের প্রাণহানি এড়াতে গর্তগুলো দ্রুত ভরাট বা নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments