সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিদ্যালয়েরই এক শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে গত রোববার (৫ জুলাই) শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। উপজেলার রূপবাটি ইউনিয়নের বিলকলমী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বিলকলমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা বেগম প্রায়ই ঘরের টুকিটাকি কাজের জন্য বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের তার বাড়িতে ডাকতেন। এই সুযোগে ফিরোজা বেগমের অনুপস্থিতিতে তার স্বামী গ্রাম ডাক্তার রফিকুল ইসলাম ছাত্রীদের মোবাইলে আপত্তিকর ভিডিও দেখাতেন এবং বিভিন্ন সময় শ্লীলতাহানির চেষ্টা করতেন।
এজাহার অনুযায়ী, গত ২৮ জুন ওই ছাত্রীকে কৌশলে কাজের কথা বলে বাড়িতে ডেকে নেন অভিযুক্ত রফিকুল ইসলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটির মুখে গামছা চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীতে গত শুক্রবার (৩ জুলাই) রফিকুল আবারও ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে প্রাণনাশের হুমকি দিলে আতঙ্কিত শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে সব খুলে বলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রাম প্রধানদের পরামর্শে গত রোববার রাতে থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর ইসলাম জানান, ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা করেছেন। ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments