উপজেলা হচ্ছে মহিপুর, খুশিতে ভাসছে কুয়াকাটা উপকূলের মানুষ
পটুয়াখালীর মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। এমন খবরে কুয়াকাটা উপকূলসহ মহিপুর এলাকার সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। কলাপাড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হতে যাচ্ছে নতুন এই প্রশাসনিক উপজেলা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতে মহিপুরকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই লক্ষ্যে নির্বাচনের পর গত ৫ জুন তিনি প্রধানমন্ত্রী বরাবর মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা করার জন্য আনুষ্ঠানিক আবেদন করেন।
সাংসদের ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-১ মো. মহিউদ্দিন আল হেলাল স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিবেদন প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে মহিপুর উপজেলা গঠনের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল।
উল্লেখ্য, মহিপুর দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জনপদ। ২০১৬ সালে থানা প্রতিষ্ঠার পর থেকেই এর প্রশাসনিক ও বাণিজ্যিক গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দেশের অন্যতম বৃহৎ মৎস্য বন্দর, দ্বিতীয় বৃহত্তম সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন এবং আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র কুয়াকাটার অবস্থান মহিপুর থানা এলাকায়। পর্যটন ও মৎস্য কেন্দ্রিক বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় মহিপুরকে পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলা ঘোষণা করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
দীর্ঘদিনের এই দাবি পূরণ হতে চলায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, মৎস্যজীবী ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা মনে করছেন, মহিপুর উপজেলা হলে এই অবহেলিত জনপদে সরকারি সেবার মান বাড়বে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments