Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বিপরীতমুখী লেনে গিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহবুবুল করিম আবির (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটদারোগারহাট ভূঁইয়ার বটতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুল করিম আবির চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার দক্ষিণ হরিনা গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাুখী দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজক (ডিভাইডার) অতিক্রম করে বিপরীতমুখী লেনে চলে যায়। এসময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং চালক আবির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও কাভার্ডভ্যানটি সড়ক থেকে সরিয়ে নেয়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বলেন, “প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মানবকণ্ঠ/ডিআর