Image description

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বেড়াইদেরচালা এলাকার ২নং সিঅ্যান্ডবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পিরোজপুর সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫) এবং তার স্ত্রী বিথি আক্তার (৩০)। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ‘ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেড’ নামক কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন। এই দম্পতির ৯ মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, শনিবার দুপুরে বেড়াইদেরচালা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পতি। এসময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিথি আক্তার মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, ঘটনার পরপরই ঘাতক কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। সেটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে। মরদেহ দুটি ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর