নোয়াখালীর হাতিয়ায় যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ওঠানোর ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফেরি মহানন্দার মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি মহানন্দা। প্রায় ২৩ মিনিট চলার পর ঢাকা থেকে গাড়িযোগে চেয়ারম্যান ঘাটে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এরপর মেঘনা নদীর মাঝপথ থেকে ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনা হয়। সেখানে এমপি তার নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠার পর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।
ঘাটের ইজারাদারের প্রতিনিধি জহির জানান, ফেরি নির্ধারিত সময়েই ছেড়ে গেলেও কিছুক্ষণ পর সেটি আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে এমপিকে নেওয়ার জন্য। তার দাবি, হাতিয়ায় ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি।
ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, চেয়ারম্যান ঘাট ছাড়ার কিছু সময় পর এমপির জন্য ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়। তিনি জানান, ভিআইপিদের ক্ষেত্রে কিছু বিশেষ নির্দেশনা অনুসরণ করতে হয়।
ফেরির মাস্টার নুরুল আমীন বলেন, ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ারের নির্দেশনা পেয়ে তিনি ফেরিটি চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনেন। এরপর এমপি আব্দুল হান্নান মাসউদ ও তার সফরসঙ্গীরা ফেরিতে ওঠার পর পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করা হয়।




Comments