ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ মোস্তফাকে (৩৫) রোববার (১২ জুলাই) রাত পৌনে ১১টার দিকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নান্দাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমেদাবাদ মহল্লায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তফা ওই এলাকার আব্দুর রাশিদের ছেলে। শিশুটিকে ঘরে একা পেয়ে নৌকায় ওঠানোর প্রলোভন দেখিয়ে পাশের বিলের একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।
শিশুটির মা জানান, মেয়েকে ঘরে রেখে তিনি পাশের বাড়িতে কাজে গিয়েছিলেন। ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে শিশুটিকে আহত অবস্থায় বাড়ির দিকে আসতে দেখেন। এ সময় শিশুটির শরীর থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি গোপন রাখলেও সন্ধ্যার পর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকরামুল্লাহ জানান, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নান্দাইল থানার এসআই সম্রাজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোস্তফাকে আটক করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments