Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের মূল হোতাসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি টিম এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—মো. নুরুল আলম (২৬), মো. আফতাব উদ্দিন গালিব (২৪), মোহাম্মদ নবী ওরফে তানভীর (৩২) ও মো. আরিফ হোসেন (৪৮)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি পিকআপ ভ্যান এবং দুটি বিলাসবহুল প্রাইভেটকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মো. সুজাউদ্দৌলার নেতৃত্বে একদল পুলিশ ফৌজদারহাট বাইপাস এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। পরে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে চোর চক্রের সন্ধান মেলে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা চোর চক্রের সদস্য হিসেবে দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি ও কেনাবেচার সাথে জড়িত।

তিনি আরও জানান, এই চক্রের পলাতক আসামি মহিন উদ্দিন ওরফে হারুন (৪৫), লিটন সেন (৪২) এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯/৪১১/৪১৩/৩৪ ধারায় সীতাকুণ্ড থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর