দৈনন্দিন সংবাদ সংগ্রহ ও পেশাগত ব্যস্ততার যান্ত্রিকতা কাটিয়ে কিছুটা নির্মল সময় কাটাতে এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে দিনব্যাপী নৌভ্রমণ ও মিলনমেলার আয়োজন করেছে পূবাইল সাংবাদিক ক্লাব।
সোমবার (১৩ জুলাই) আনন্দঘন পরিবেশে নদীপথের নয়নাভিরাম দৃশ্যের মাঝে এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়।
নৌভ্রমণে সাংবাদিকরা নদীর মনোরম পরিবেশে সময় কাটানোর পাশাপাশি সাংবাদিকতার বিভিন্ন দিক, সমসাময়িক চ্যালেঞ্জ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। খাওয়া-দাওয়া, গান ও প্রাণবন্ত আড্ডায় দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি ও জনবাণী প্রতিনিধি রবিউল আলম এবং সাধারণ সম্পাদক ও চ্যানেল এস প্রতিনিধি ফয়সাল ভূঁইয়া।
এতে আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রতিদিন-এর টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেন, যুগান্তর-এর টঙ্গী প্রতিনিধি লুৎফর জামান লিটন, দেশ বর্তমান-এর প্রতিনিধি লিটন মিয়া, ঢাকা টাইমস-এর প্রতিনিধি মো. রাজিব হোসেন, দৈনিক মানবকন্ঠের পূবাইল প্রতিনিধি রফিকুল ইসলাম, পূবাইল সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও যুগ-যুগান্তর-এর প্রতিনিধি শাহীন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের ছবি-এর প্রতিনিধি আবু সাঈদ চৌধুরী, কোষাধ্যক্ষ ও দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি জাহিদ হাসান প্রভাস, প্রচার সম্পাদক ও দৈনিক আমার বার্তার প্রতিনিধি আসিফ রায়হান, দৈনিক সকালের প্রতিনিধি আতেফ ভূঁইয়া, সংবাদ মোহনার প্রতিনিধি ফিরোজ হোসেন ও ইসমাইল হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
মিলনমেলায় বক্তারা বলেন, সাংবাদিকতার মতো দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশায় পারস্পরিক আস্থা এবং ঐক্য অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে সম্পর্ককে আরও আন্তরিক ও মজবুত করে তোলে, যা পেশাগত মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বলেন, “সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্য সুসংহত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। সদস্যদের সম্পৃক্ততায় ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও গঠনমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments