বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তটা দারুণভাবে কাজে লাগিয়েছেন পেসার নাহিদ রানা। তার ক্যারিয়ার সেরা ৪ উইকেটের সুবাদে জিম্বাবুয়েকে ১৭০ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। তবে ১৭১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।
বুধবার (১৫ জুলাই) আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ব্রায়ান বেনেট। এছাড়া রায়ান বার্ল অপরাজিত ৩০, ডিওন মায়ার্স ২০ এবং অধিনায়ক সিকান্দার রাজা ২০ রান করেন। শেষ দিকে ব্র্যাড ইভান্সের অপরাজিত ১০ বলে ১৯ রানের ক্যামিওতে লড়াকু পুঁজি পায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে বল হাতে বিধ্বংসী ছিলেন নাহিদ রানা। তিনি ৪ ওভারে মাত্র ২৬ রান খরচায় তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া মোহাম্মদ সাইফ উদ্দিন ২ উইকেট নিলেও তাসকিন আহমেদ বা স্পিনাররা উইকেটের দেখা পাননি।
জবাবে ১৭১ রানের বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারেই বিদায় নেন দুই ওপেনার। সাইফ হাসান ১৫ বলে ১২ রান করে রিচার্ড এনগারাভার বলে মারুমানির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। কিছুক্ষণ পর সাজঘরের পথ ধরেন তানজিদ হাসান তামিমও। ৮ বলে ৩টি চারে ১৬ রান করা তানজিদও এনগারাভার শিকার হন।
ইনিংসের ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০ রান। ক্রিজে আছেন পারভেজ হোসেন ইমন (১*)। জয়ের জন্য এখনও টাইগারদের প্রয়োজন ৯৬ বলে ১৪১ রান। হাতে রয়েছে ৮টি উইকেট।
মানবকণ্ঠ/ডিআর




Comments