Image description

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা ইংল্যান্ড শিবিরে। তবে আর্জেন্টিনা অধিনায়ককে থামানোর নির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ না করে বরং তার অনন্য প্রতিভারই প্রশংসা করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল।

আজ বুধবার দিবাগত রাতে বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

ম্যাচের আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টুখেল বলেন, "অনেক কোচ ও অনেক দল মেসিকে থামানোর চেষ্টা করেছে। কিন্তু সে সব সময়ই অন্য একটি পথ খুঁজে নেয়। তার কাছে যেন সব সময় নতুন সমাধান থাকে। সে সত্যিই অনন্য একজন ফুটবলার। তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই।"

৩৯ বছর বয়সী মেসি চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত আট গোল করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার পারফরম্যান্সে মুগ্ধ টুখেল বলেন, "বিশ্বকাপে তার পারফরম্যান্স অবিশ্বাস্য। সে একজন সত্যিকারের নেতা। টুর্নামেন্ট যত এগিয়েছে, দলের সঙ্গে তাদের বোঝাপড়া ততই শক্তিশালী হয়েছে। দীর্ঘদিন একসঙ্গে খেলার সুফল তারা পাচ্ছে।"

আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার এবং সর্বশেষ চার বিশ্বকাপের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। একই সঙ্গে দলটি টানা দুটি কোপা আমেরিকারও বর্তমান চ্যাম্পিয়ন। কোচ লিওনেল স্কালোনি দীর্ঘদিন ধরে একই কোর গ্রুপ ধরে রাখায় দলটির সমন্বয়কে বড় শক্তি হিসেবে দেখছেন টুখেল।

তিনি বলেন, "আমরা মেসির জন্য প্রস্তুত। আমরা জানি, তার মান কতটা উঁচু। একই সঙ্গে জানি আর্জেন্টিনা দল কতটা ঐক্যবদ্ধ ও আত্মবিশ্বাসী।"

টুখেলের ভাষায়, "এই দলটি মেসিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তাদের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে এবং প্রায় একই দল নিয়ে তারা খেলছে। আমরা বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে যাচ্ছি। তাদের হারানোই আমাদের লক্ষ্য, আর সেই প্রস্তুতিই আমরা নিয়েছি।"