Image description

যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত শর্তগুলো পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে ঘোষণা দিয়েছে তেহরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র এই কঠোর অবস্থানের কথা জানান। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমি-নিয়া বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত হওয়ার পরই এটি পুনরায় উন্মুক্ত করা হবে। তিনি স্পষ্ট করে জানান, প্রণালিটি সচল করতে হলে যুক্তরাষ্ট্রকে গত মাসে স্বাক্ষরিত শান্তি কাঠামো চুক্তির শর্তগুলো অবশ্যই মেনে চলতে হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে সব ধরনের বৈরী কর্মকাণ্ড বন্ধ এবং হরমুজ প্রণালি পরিচালনার ক্ষেত্রে তেহরানের নির্ধারিত নীতিমালা গ্রহণ করতে হবে।

আক্রমি-নিয়া আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলা কোনোভাবেই ইরানকে এই নৌপথ খুলে দিতে বাধ্য করতে পারবে না।

এদিকে, এই বক্তব্যের কিছু সময় আগেই ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, তারা ইরানের ওপর আরও এক দফা হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দু’পক্ষ একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তিতে সম্মত হলেও বর্তমান পরিস্থিতিতে সেই সমঝোতার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। নৌপথটি বন্ধ থাকায় বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

মানবকণ্ঠ/ডিআর