Image description

জাতীয় পর্যায়ে কুইজ (সাধারণ জ্ঞান) প্রতিযোগিতায় অনন্য কৃতিত্ব অর্জন করেছে নওগাঁর রাণীনগর উপজেলার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো. আব্দুর রাফি আহমাদ। বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে এবার জাতীয় মঞ্চেও নিজের মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এই ক্ষুদে জিনিয়াস।

বুধবার (১৫ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে তার হাতে এই গৌরবময় পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

মেধাবী শিক্ষার্থী মো. আব্দুর রাফি আহমাদ রাণীনগর উপজেলার কালীগ্রাম দপ্তরিপাড়া গ্রামের আবু রায়হানের ছেলে। সে কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এর আগে সে জেলা ও বিভাগীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিল।

জাতীয় পর্যায়ে তার এই অসামান্য সাফল্যে রাণীনগর উপজেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। রাফির এই গৌরবময় অর্জনে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাণীনগর উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা অফিস এবং স্থানীয় সুধীজন।

কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান এবং ম্যানেজিং কমিটির সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন বলেন, “রাফি আমাদের বিদ্যালয় তথা পুরো এলাকার গর্ব। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে। মেধাবী এই ক্ষুদে শিক্ষার্থীর পথচলা আগামীতে আরও সাফল্যমণ্ডিত হোক—এমনটাই আমাদের প্রত্যাশা।”

মানবকণ্ঠ/ডিআর