চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মো. নুরুল হুদা (৪৬) নামে এক পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল হুদা বার আউলিয়া এলাকার মোহাম্মদ জমার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপি নেতা মো. নূরউদ্দিন।
এর আগে, ভোর সাড়ে ৬টার দিকে বার আউলিয়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে ৭ নম্বর রুটের একটি যাত্রীবাহী মিনিবাসকে পেছন থেকে ৮ নম্বর রুটের একটি মিনিবাস ধাক্কা দেয়। একই সময়ে পেছনে থাকা একটি ট্রাকও বাস দুটিকে ধাক্কা দিলে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দুই বাসে থাকা অন্তত ২৫-৩০ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে একই এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকেও উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর তারা পেয়েছেন। তবে অন্য দুর্ঘটনাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তাদের কাছে নেই।
মানবকণ্ঠ/ডিআর




Comments