আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া এলাকায় একটি রাষ্ট্র পরিচালিত শিশু কল্যাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের প্রতিষ্ঠানটিতে আগুন লাগে। এতিম, পরিত্যক্ত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন, চিকিৎসা ও সামাজিক সহায়তা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। খবর আল জাজিরার।
আলজেরিয়ার সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, আগুনে দগ্ধ হয়ে ১০ জন আহত হয়েছেন। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হন আরও দুইজন। মানসিক আঘাতের কারণে সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান চলাকালে ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের ভেতর থেকে বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে প্রাণপণ চেষ্টা চালান উদ্ধারকর্মীরা।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন। এক শোকবার্তায় তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব রাজধানীর মুস্তাফা পাশা বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




Comments