Image description

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত মানুষের চাপে অনুষ্ঠানের মঞ্চটি ধসে পড়লে মন্ত্রীসহ অন্যান্য অতিথিরা নিচে পড়ে যান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মন্ত্রী গাড়ি থেকে নেমে অনুষ্ঠানস্থলে পৌঁছে মঞ্চে আরোহণ করার পরপরই এই দুর্ঘটনা ঘটে। এ সময় মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ দক্ষিণ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

মঞ্চ ধসে পড়ার পর মন্ত্রী ও অন্যান্য অতিথিরা প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন এবং সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে মন্ত্রী স্থান ত্যাগ করার পর ত্রাণ বিতরণ শুরু হলে স্থানীয় লোকজনের মাঝে হুড়োহুড়ি লেগে যায়। এ সময় ভিড়ের চাপে ও ঠেলাঠেলিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, “মন্ত্রী মহোদয় ত্রাণ বিতরণের জন্য মঞ্চে ওঠার পর অতিরিক্ত মানুষের ভারে সেটি ধসে পড়ে। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মন্ত্রী মহোদয় চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে কেউ আহত হয়েছেন কি না, তা আমার জানা নেই; কারণ আমি তখন ঘটনাস্থলে ছিলাম না।”

বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর