সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লব ছিল দীর্ঘ ১৭ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, ৫ আগস্ট ছাত্র-জনতার চূড়ান্ত বিজয়ের মাধ্যমে তার সফল সমাপ্তি ঘটে। যখনই কোনো দল দেশের স্বাধীনতা বা অর্জনকে নিজেদের কুক্ষিগত করতে চেয়েছে, তাদের কিন্তু শোচনীয়ভাবে পালিয়ে যেতে হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আমরা মনে করি না যে আমরা যা বলব তাই হবে। এ দেশের মানুষ যা চায়, এই সরকার তাই করবে। দেশের স্বার্থে আমরা সকল দল ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
দলের ইতিহাস তুলে ধরে ডা. জাহিদ হোসেন আরও বলেন, “বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়া বা আত্মসমর্পণের ইতিহাস নয়। শহীদ জিয়ার আদর্শে গড়া এই দল সবসময় জনগণের কাতারে থেকেছে। বেগম খালেদা জিয়া আপসহীন থেকে আজীবন লড়াই করেছেন এবং আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবন থেকেও দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। যেকোনো চক্রান্ত প্রতিহত করতে আমাদের নেতাকর্মীরা জনগণের সাথে নিয়ে মাঠে সজাগ রয়েছে।”
‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এদিন স্থানীয় প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ফলদ ও বনজ গাছের চারা, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, সহকারী পুলিশ সুপার (হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেল) আ.ন.ম নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments