Image description

দক্ষিণাঞ্চলের অন্তত ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং বরিশাল নগরীর কয়েকটি নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে জনভোগান্তি বেড়েছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ নদীগুলোর পানি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণাঞ্চলের ৯টি নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এছাড়া আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি অবস্থান করছে, ফলে বিভাগের নিম্নাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বরিশালের কীর্তনখোলা, ঝালকাঠি ও বরগুনার বিষখালী, ভোলার দৌলতখান ও তজুমদ্দিন এলাকার সুরমা-মেঘনা, পিরোজপুরের বলেশ্বর, পাথরঘাটার বিষখালী এবং উমেদপুরের কচা নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর/পায়রা এবং উজিরপুরের সন্ধ্যা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে।

নদীর পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল ও দৈনন্দিন কাজে দুর্ভোগ দেখা দিয়েছে।

তবে বরিশাল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি বৃদ্ধির মূল কারণ অমাবস্যাজনিত জোয়ার। এটি বন্যাজনিত পরিস্থিতি নয় এবং বর্তমানে বন্যার কোনো আশঙ্কা নেই।