বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার মতে, শিরোপা জিতুক বা না জিতুক, এই দল ইতোমধ্যেই এমন এক ইতিহাস গড়ে ফেলেছে, যা কখনো মুছে যাবে না।
রোববার (১৯ জুলাই) ফাইনালের কয়েক ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করেন মেসি। সেখানে তিনি লিখেছেন, গত কয়েক বছরের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু ট্রফি নয়, বরং দলের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত।
মেসি লেখেন, “এতগুলো বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি শুধু ট্রফি জেতা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল অসাধারণ। এই দলটার সঙ্গে প্রতিদিন সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।”
সতীর্থ, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমার সব সতীর্থ, কোচিং স্টাফ এবং যারা দিনরাত এই জাতীয় দলটাকে একটি পরিবারের মতো আগলে রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।”
ফাইনাল প্রসঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক আরও লেখেন, “যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতোমধ্যেই এমন এক ইতিহাস তৈরি করে ফেলেছে, যা আমরা কোনো দিন ভুলব না এবং কেউ কোনো দিন মুছেও ফেলতে পারবে না। এগিয়ে যাও, আর্জেন্টিনা।”
৩৯ বছর বয়সী মেসি এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন। ফাইনালের আগে তার ঝুলিতে রয়েছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।




Comments