Image description

বাংলাদেশের ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৯ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ই-পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ (ওয়াটারমার্ক) পরিবর্তন করে সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ছবি সংযুক্ত করা হবে। নতুন নকশার অংশ হিসেবে ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের স্মৃতি স্থান পাবে।

এছাড়া নতুন নকশায় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শনও যুক্ত করা হয়েছে। পাসপোর্টের বিভিন্ন পাতায় জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ কেল্লা, পানাম নগর ও কার্জন হলের জলছাপ থাকবে।

প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে কক্সবাজার সমুদ্রসৈকত, ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির ছবিও স্থান পাচ্ছে নতুন নকশায়। পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম **‘সংগ্রাম’**ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাসপোর্টের ডাটা পেজে আগের মতোই ‘ইসরাইল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’—এই ঘোষণা বহাল থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত নতুন নকশা বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।