মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে ভারত সরকার। দেশটির নাগরিকদের আপাতত ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে, বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয়দের যত দ্রুত সম্ভব উপলব্ধ বাণিজ্যিক ফ্লাইটে দেশটি সাময়িকভাবে ত্যাগের আহ্বান জানিয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে ইরানের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই) টানা নবম দিনের মতো মার্কিন বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। এর আগে মাসখানেক আগে হওয়া সাময়িক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বেড়ে যায়।
এদিকে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে। এই প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বিশ্ববাজারে তেলের দামের ওপরও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ভারত সরকার।
সূত্র: আল-জাজিরা




Comments