হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে। মুক্তির প্রথম তিন দিনেই ছবিটি বিশ্বব্যাপী ২৬৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকার সমান। ২০১২ সালের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’–এর পর এটিই নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈশ্বিক ওপেনিং।
বক্স অফিসের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকায় ছবিটির আয় ১২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৩৯ দশমিক ৬ মিলিয়ন ডলার।
ভারতেও দারুণ সাড়া ফেলেছে ‘দ্য ওডিসি’। মুক্তির প্রথম তিন দিনে দেশটিতে ছবিটির গ্রস আয় ৭৩ দশমিক ১৯ কোটি রুপি, আর নেট আয় ৬১ দশমিক ৩০ কোটি রুপি। এর মধ্যে ৪৮ দশমিক ৫ কোটি রুপি এসেছে ইংরেজি সংস্করণ থেকে। এটি ভারতে নোলানের যেকোনো সিনেমার সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ড।
বাংলাদেশেও ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। চলচ্চিত্রের আয় বিশ্লেষণভিত্তিক পেজ ‘বিএমআর’–এর তথ্য অনুযায়ী, মুক্তির তিন দিনের মাথায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘দ্য ওডিসি’–র গ্রস আয় ১ কোটি ২ লাখ টাকা ছাড়িয়েছে। এর মাধ্যমে ২০২৬ সালে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে কোটি টাকা আয়ের তালিকায় দশম সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
মুক্তির তৃতীয় দিনে শুধু স্টার সিনেপ্লেক্সের ৫১টি প্রদর্শনী থেকেই ছবিটির আয় হয়েছে ২১ লাখ ৩৪ হাজার টাকা। প্রথম তিন দিনে গড় দর্শক উপস্থিতি ছিল ৪১ শতাংশ।
প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’–র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। ছবিতে রাজা ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন এবং তার ছেলে টেলেমেকাসের চরিত্রে রয়েছেন টম হল্যান্ড। এছাড়া অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, লুপিটা নিয়ং’ও ও জেনডায়াসহ একঝাঁক তারকা এতে অভিনয় করেছেন।




Comments