Image description

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জাপানি অর্থায়নে বাস্তবায়িত একটি স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন করেছেন ঢাকাস্থ জাপানি দূতাবাসের মিনিস্টার তাকাহাশি নাওকি। গত ১৯ ও ২০ জুলাই কক্সবাজার সফরকালে তিনি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এই প্রকল্পের উদ্বোধন করেন এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন।

জাপানি দূতাবাস জানায়, ১৯ জুলাই টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ‘মেডগ্লোবাল’ (MedGlobal)-এর জন্য জাপানি সরকারের ‘তৃণমূল পর্যায়ের গ্রাসরুট প্রজেক্ট’ (GGP)-এর আওতায় এই প্রকল্পটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে টেকনাফ অঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষ এবং বার্ষিক অন্তত ১৭ হাজার রোগী উন্নত প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। অনুষ্ঠানে ক্যাম্প ইন-চার্জ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডগ্লোবালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মিনিস্টার তাকাহাশি বলেন, “আমি আশা করি মেডগ্লোবাল এই প্রকল্পের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে, যাতে ক্যাম্প ও স্থানীয় হোস্ট কমিউনিটির মানুষ দীর্ঘ সময় ধরে এই সুবিধা ভোগ করতে পারে।” সাম্প্রতিক প্রবল বর্ষণে কক্সবাজারে প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।

২০ জুলাই মিনিস্টার তাকাহাশি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর (UNHCR)-এর রেজিস্ট্রেশন সেন্টার, ডব্লিউএফপি (WFP)-এর খাদ্য বিতরণ কেন্দ্র, ইউএন উইমেন (UN Women)-এর মার্কেট এবং আইওএম (IOM)-এর শেল্টার সাইট পরিদর্শন করেন। এছাড়া তিনি জাপানি অর্থায়নে পরিচালিত ফ্রেন্ডশিপ (Friendship)-এর স্বাস্থ্যকেন্দ্র এবং সেভ দ্য চিলড্রেন-এর লার্নিং সেন্টারও ঘুরে দেখেন।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে জাপান বাংলাদেশে তৃণমূল পর্যায়ে ২২৫টি এনজিও প্রকল্পে প্রায় ১৮ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে। এছাড়া ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থা ও এনজিওর মাধ্যমে এ পর্যন্ত ২৪২ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে দেশটি। প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার ভূয়সী প্রশংসা করেন মিনিস্টার তাকাহাশি এবং এই সংকট সমাধানে জাপানের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মানবকণ্ঠ/ডিআর