দিল্লিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চলা অস্থিরতার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সোমবার সংসদ অভিযানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অরিজিৎ দিল্লি পুলিশ ও রাজনৈতিক নেতাদের কঠোর ভাষায় আক্রমণ করেন। তিনি লেখেন, "ইয়ার এবার তো ছাত্রদের মারছেন আপনারা। হ্যালো নেতা, মন্ত্রী!! হ্যালো দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা করে না!!?? কী চলছে এসব ভাই!! নিজেদের কি ভগবান মনে করে নিয়েছেন? সব কিছু মনে রাখা হবে! হর হর মহাদেব! মনে রাখবেন একমাত্র পরিবর্তনই শাশ্বত!" এর পরপরই অন্য একটি পোস্টে তিনি ইউনিফর্ম পরা ব্যক্তিদের 'গুন্ডার মতো আচরণ' করার ভিডিও দেখে বিস্ময় প্রকাশ করেন।
অরিজিতের এমন সাহসী অবস্থান যেমন অনেককে অনুপ্রাণিত করেছে, তেমনি একাংশের কাছে সমালোচিতও হয়েছে। এক ভক্ত তার রাজনৈতিক অবস্থানে হতাশা প্রকাশ করে মন্তব্য করেন যে, অরিজিতের প্রতি তার আর কোনো সম্মান অবশিষ্ট নেই এবং এখন থেকে তিনি এই গায়ককে ঘৃণা করেন।
সমালোচনার মুখে উত্তেজিত না হয়ে অত্যন্ত শান্ত ও দৃঢ়ভাবে উত্তর দেন অরিজিৎ। তিনি জানান, কাউকে খুশি রাখার জন্য তিনি নিজের আদর্শ বা মত পরিবর্তন করবেন না। ভক্তের উদ্দেশে তিনি বলেন, "আপনি আমার গান ভালোবাসেন বলেই যে আমার প্রতিটি মতের সঙ্গে একমত হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মানুষ হিসেবে আমার কথায় যদি আপনি দুঃখ পেয়ে থাকেন তবে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু যে বিষয়টি নিয়ে আমি কথা বলেছি, সেটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
ভক্তকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অরিজিৎ আরও যোগ করেন, "আপনি চাইলে আপনার প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে দিতে পারেন এবং আমাকে ভুলে যেতে পারেন। আপনার জীবনের জন্য শুভকামনা রইল, কিন্তু আমার মত বদলাবে না।"
নিজের ক্যারিয়ার বা জনপ্রিয়তার চেয়েও প্রতিবাদের ভাষাকে প্রাধান্য দিয়ে অরিজিৎ সিং আবারও প্রমাণ করলেন যে, সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তিনি আপসহীন।
মানবকণ্ঠ/ডিআর




Comments