বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) বিদ্যুৎ শাখায় কর্মরত মাঠপর্যায়ের কর্মীদের (লাইটম্যান) কাজের গতি ও সেবার মান বাড়াতে সাইকেল ও রেইনকোট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক অনুষ্ঠানে এসব প্রয়োজনীয় সরঞ্জাম কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন কর্মীদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর বিভিন্ন সড়কের স্ট্রিট লাইট নিয়মিত ও নির্ধারিত সময়ে চালু এবং বন্ধ রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিদ্যুৎ শাখার এই লাইটম্যানরা। তাদের কর্মদক্ষতা বাড়ানো এবং বর্ষাকালে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিরাপদে দায়িত্ব পালন নিশ্চিত করতে সিটি কর্পোরেশন এই উদ্যোগ নিয়েছে।
প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সাইকেল সরবরাহের ফলে কর্মীরা দ্রুত বিভিন্ন এলাকায় পৌঁছে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। এছাড়া রেইনকোট ব্যবহারের মাধ্যমে বৃষ্টি উপেক্ষা করেও নির্ধারিত সময়ে রাস্তার বাতি নিয়ন্ত্রণ কার্যক্রম সচল রাখা সম্ভব হবে। এতে নগরবাসী আরও নিরবচ্ছিন্ন সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যুৎ শাখার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষের এই পদক্ষেপে কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments