Image description

রাঙ্গামাটির বাঘাইছড়িতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ২৭ বিজিবি জোন সদর দপ্তরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিজিবির চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহম্মেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবাইদুল হক, ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজানসহ বিভিন্ন বিজিবি জোনের জোন কমান্ডার, কর্মকর্তা, সৈনিক এবং আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, বিজিবির প্রায় ২০০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে ২৭ বিজিবি মারিশ্যা ব্যাটালিয়ন ৪৮ বছরের গৌরবময় অংশীদার। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও এই ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে ভিডিওচিত্রের মাধ্যমে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিভিন্ন সফলতা ও কার্যক্রম তুলে ধরা হয়। শেষে অতিথিরা প্রীতিভোজে অংশ নেন।