Image description

বগুড়ায় পূর্বশত্রুতা ও এলাকার আধিপত্যের বিরোধের জেরে সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান স্বেচ্ছাসেবক দল কর্মী আতিকুর রহমান সাগর মণ্ডলকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৩ জুলাই) গভীর রাতে সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাগর মণ্ডল সদর উপজেলার পাঁচবাড়ি গ্রামের শাহাত মণ্ডলের ছেলে। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে শাপলা নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, জমিজমা ও এলাকার আধিপত্য নিয়ে চাচাতো ভাই জিলহাস মণ্ডলের সঙ্গে সাগরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে কয়েক মাস আগে সাগর নিজের গ্রাম পাঁচবাড়ি ছেড়ে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি চালিতাবাড়ি এলাকায় বসবাস শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন সাগর। এ সময় জিলহাস মণ্ডলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রোমানা জানান, রাতে তিনি খাবার খাচ্ছিলেন এবং তার স্বামী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী হামলা চালায়। তিনি অভিযোগ করেন, সাগর জিলহাস মণ্ডলের মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা শাহাদত হোসেন মণ্ডল অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন জড়িত। তিনি বলেন, তার ছেলে ও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাকে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাপলা নামের এক নারীকে আটক করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডে অভিযুক্ত জিলহাস মণ্ডল বালু ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, নিহত সাগরের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে।