Image description

সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। পরাজয়ের হতাশার মধ্যেও স্বামী লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।

সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তোনেল্লা লিখেছেন, ফল যাই হোক না কেন, মেসিই তার কাছে সবসময় বিশ্বের সেরা। তিনি বলেন, ‘তুমি শুধু তোমার প্রতিভার জন্য নয়, নিজের চরিত্র, লড়াইয়ের মানসিকতা এবং কখনো হার না মানার দৃঢ়তার জন্যও সেরা। শেষ মুহূর্ত পর্যন্ত তুমি নিজের সবটুকু উজাড় করে দাও। এই মানসিকতাই তোমাকে অনন্য করে তুলেছে।’

তিনি আরও লেখেন, ‘তুমি প্রতিদিন আমাদের শেখাও, সত্যিকারের সাফল্য আসে কঠোর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় এবং নিজের স্বকীয়তা ধরে রাখার মধ্য দিয়ে। তুমি শুধু আমাদের সন্তানদের নয়, কোটি কোটি মানুষেরও অনুপ্রেরণা। ভাষায় প্রকাশ করা কঠিন, আমি তোমাকে কতটা শ্রদ্ধা করি। তোমার পাশে থাকতে পারা আমার গর্ব। আমি তোমাকে অনেক ভালোবাসি।’

৩৯ বছর বয়সী মেসি এবারের বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলেছিলেন। পুরো টুর্নামেন্টে তিনি ৮ গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের শক্তিশালী রক্ষণভাগের সামনে নিজের সেরাটা দেখাতে পারেননি তিনি। পরাজয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্নও অধরাই থেকে যায়।