Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জালিয়াতির মাধ্যমে জাল সনদে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সাইদুর রহমান বিধিবহির্ভূতভাবে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে ওই মাদ্রাসায় জাল সনদধারী একজন শিক্ষক নিয়োগ দেন। এই ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেন।

সিআইডি তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে বিজ্ঞ আদালত সুপার সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার সমন জারি করেন। তবে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সাদা পোশাকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান এর আগেও নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি তার বিভিন্ন অপকর্ম ও জালিয়াতি ধামাচাপা দিতে নিজেকে ‘দৈনিক শিরোমণি’ নামক একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় আসামি সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর