Image description

কুমিল্লার লাকসামে স্বামীর পরকীয়া ও পারিবারিক কলহের জেরে বিউটি রানী সরকার (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার মুদাফরগঞ্জ বাজারের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিউটি রানী উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের নাগঝাটিয়া গ্রামের ব্যবসায়ী বিজয় সরকারের স্ত্রী এবং বরুড়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের বলহরি রামের মেয়ে। তাদের সংসারে ৯ বছর বয়সী একটি কন্যা এবং ৬ ও ৩ বছর বয়সী দুটি পুত্র সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর আগে বিজয় সরকারের সঙ্গে বিউটি রানীর বিয়ে হয়। বিজয় সরকার মুদাফরগঞ্জ বাজারে ভাড়ায় বসবাস করেন এবং ওই বাসার নিচেই তার একটি মোটরসাইকেলের শোরুম রয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত কিছুদিন ধরে বিজয় সরকার বরুড়া উপজেলার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাতেও তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

পরিবারের দাবি, পরকীয়ার জেরে বিউটি রানীর প্রতি বিজয় সরকারের অবহেলা ও নির্যাতন বেড়ে গিয়েছিল। বুধবার রাতে সন্তানদের ঘুম পাড়িয়ে দিয়ে অন্য একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন বিউটি রানী। সকালে শিশুরা ঘুম থেকে উঠে মাকে খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা কক্ষের দরজা বন্ধ দেখে উঁকি দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মানবকণ্ঠ/ডিআর