Image description

অসুস্থ হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি। দীর্ঘদিন ধরে কোমরের সমস্যায় ভোগা এই রাজনীতিবিদের শুক্রবার (২৪ জুলাই) হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডরেন তাই ক্যেং জিনের নেতৃত্বে একটি মেডিকেল টিম আজ বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তার এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন করার কথা রয়েছে।

এদিকে, অস্ত্রোপচারের সফলতা ও দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ। একই সঙ্গে তার পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করা হয়েছে।

ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে দেশের সর্বস্তরের আলেম-উলামা ও তৌহিদী জনতাকে দোয়া করার অনুরোধ জানান।

বিবৃতিতে আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, "ধর্মমন্ত্রী কায়কোবাদ একজন দীনদার ও দেশপ্রেমিক মানুষ। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং পুনরায় জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।"

ইতিমধ্যেই ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দারুল উলুম হাটহাজারী মাদরাসা, জামিয়া ওবায়দিয়া নানুপুর, জামিয়া আরাবিয়া জিরি, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ও কুমিল্লার আশরাফুল উলুম মাদরাসাসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় দ্বীনি প্রতিষ্ঠানে তার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

উল্লেখ্য, কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লার মুরাদনগর আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই প্রবীণ নেতা বর্তমানে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

মানবকণ্ঠ/ডিআর