কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই ব্যক্তিরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীন প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এদের মধ্যে দুইজন পুরুষ এবং ছয়জন নারী ছিলেন। সীমান্তে বিজিবির টহল দল বিষয়টি দ্রুত শনাক্ত করে এবং অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেয়। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা নদীপথে সাঁতার কেটে পুনরায় ভারতের সীমানায় ফিরে যান। ফলে বিএসএফের পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।
কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এই এলাকায় টহল জোরদার করা হয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments