Image description

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের চাবি ও সরকারি তথ্য সম্বলিত পেনড্রাইভ চুরির অভিযোগে স্থানীয় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম ফারুক হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা তানভীর খান।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দাপ্তরিক প্রয়োজনে ইউএনও অফিসে আসেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম ফারুক হাসান। দুপুর আনুমানিক ২টার দিকে তিনি অফিস কক্ষ থেকে ইউএনও অফিসের গুরুত্বপূর্ণ কক্ষের মোট ২৫টি চাবি এবং সরকারি তথ্য সম্বলিত একটি পেনড্রাইভসহ চাবির ছড়াটি সুকৌশলে সরিয়ে নেন।

পরবর্তীতে অফিসের কর্মচারীরা চাবির ছড়াটি খুঁজে না পেয়ে কক্ষের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে দেখা যায়, চেয়ারম্যান ফারুক হাসান চাবির ছড়াটি তার প্যান্টের বাম পকেটে ঢুকিয়ে অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে একাধিকবার ফোন করা হলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। তবে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর একপর্যায়ে চাবিটি তার কাছে আছে বলে স্বীকার করেন।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসের নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রাতেই উপ-প্রশাসনিক কর্মকর্তা তানভীর খান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চুরির মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর