Image description

কুষ্টিয়ার দৌলতপুরে সামিরুল শাহ (৬০) নামে এক চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ব্যাঙগাড়ি-ধর্মদহ সড়কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সামিরুল শাহ উপজেলার তেকালা পশ্চিমপাড়া এলাকার মৃত বিচার উদ্দিনের ছেলে। তার মুখ ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ব্যাঙগাড়ি-ধর্মদহ সড়কের পাশে একটি মাচাংয়ের ওপর সামিরুলের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মূল কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, "হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ রয়েছে এবং এর সাথে কারা জড়িত, তা শনাক্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।"

এ ঘটনায় এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/ডিআর