Image description

চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ এবং সাংবাদিক আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের আবেদন করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)।

রোববার (২৬ জুলাই) ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বরাবর লিখিত আবেদন জমা দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস।

আবেদনে জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে তদন্তের অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে যাদের বিরুদ্ধে তদন্ত চাওয়া হয়েছে তারা হলেন—চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, নাট্যব্যক্তিত্ব শমী কায়সার, অভিনেত্রী ও নির্দেশক রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী তানভীন সুইটি, নাট্যব্যক্তিত্ব রুবি হক, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী সোহানা সাবা, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল, অভিনেত্রী শামীমা তুষ্টি, হিরো আলম, অভিনেত্রী আশা হাবীব ভাবনা, চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী সুজাত আজিম, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা চন্দন রেজা, প্রবীণ অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মডেল মারিয়া কিসপট্টা, শায়লা ফারজানা মোমিন মেহেদী, টেলিভিশন উপস্থাপিকা সোমা ইসলাম এবং সাংবাদিক আনিস আলমগীর।

লিখিত আবেদনে আল নূর মোহাম্মদ আয়াস বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত ঘটনাবলিতে এসব ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগ বিভিন্ন সময়ে জনপরিসরে উত্থাপিত হয়েছে। এসব অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে আবেদনটি দাখিল করা হয়েছে।