চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় অবস্থিত একটি পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। পানিতে সাদা ফেনা ও তীব্র দুর্গন্ধ পাওয়ার পর বিষয়টি ধরা পড়ে। তবে সময়মতো বিষয়টি টের পাওয়ায় কোনো পুলিশ সদস্য ওই পানি পান করেননি।
রোববার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরীক্ষার জন্য পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠান।
পুলিশ সূত্রে জানা গেছে, ফাঁড়ির সদস্যরা সকালে খাবার পানি গ্লাসে নেওয়ার পর তাতে সাদা ফেনা ও অস্বাভাবিক গন্ধ দেখতে পান। এতে পানিতে বিষাক্ত কোনো পদার্থ মেশানো হয়েছে বলে সন্দেহ করা হয়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন।পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই পানিতে কী ছিল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর এলাকায় ভূমিদস্যু ও সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে অতীতেও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও নাশকতার ঘটনা ঘটেছে। এ কারণে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।




Comments