Image description

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (২৮ জুলাই) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিকেল ৩টায় এবং কুমারখালী উপজেলায় সন্ধ্যা ৬টায় এই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এনসিপির ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে দক্ষিণাঞ্চলের অধীন কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও কুমারখালী—এই দুটি উপজেলার পদযাত্রা স্থগিত করা হয়েছে। তবে পরদিন বুধবার (২৯ জুলাই) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শহরে বিকেল ৩টায় এবং মানিকগঞ্জ সদরে সন্ধ্যা ৬টায় নির্ধারিত কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ জানান, অনিবার্য কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে কুষ্টিয়ার দুই উপজেলার পদযাত্রা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া কর্মসূচির নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত ৬ জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার’ দাবিতে এই ‘জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মানবকণ্ঠ/ডিআর