Image description

ময়মনসিংহের নান্দাইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় আতিকুর রহমান মতিন (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান মতিন নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাপুর (নরেন্দ্রপুর মড়লবাড়ি) গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে। তিনি কৃষি বিভাগের একজন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি নান্দাইল পৌরসভার চারআনিপাড়া এলাকায় নিজ বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মহাসড়ক পার হচ্ছিলেন আতিকুর রহমান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির ‘শ্যামল ছায়া’ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৫১৪৫) একটি বাস তাঁকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পর স্থানীয়রা ঘাতক বাসটি আটকে পুলিশে খবর দেয়।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মানবকণ্ঠ/ডিআর