Image description

জনগণের প্রত্যাশা উপেক্ষা করে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করায় সরকার নিজের পায়ে নিজেই কুঠারাঘাত করেছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া। শনিবার (১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলন-বিক্ষোভে আহত যোদ্ধাদের সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন ভুঁইয়া বলেন, "মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলে তিনটি পক্ষ তৈরি হয়েছিল। একদিকে ছিল পাকিস্তানি শাসক ও তাদের বাহিনী, যারা ভয়ভীতি আর দমন-পীড়ন চালিয়ে বাঙালিদের অধীনস্ত রাখতে চেয়েছিল। অন্যদিকে ছিলেন এ দেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধারা, যারা সব বাধা-বিপত্তি উপেক্ষা করে জুলুমের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছেন।" ভারতের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় তৃতীয় পক্ষ হিসেবে ভারত সহায়তা করলেও পরবর্তীতে নিজেদের আধিপত্য বিস্তারের সুযোগ হিসেবে তা ব্যবহার করার চেষ্টা করেছে।

দেশের ইতিহাসের দুটি অতীতের গণভোটের প্রসঙ্গ টেনে জামায়াত নেতা দাবি করেন, "অতীতে অনুষ্ঠিত গণভোটগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও প্রশাসনিক প্রভাবের মধ্যে হয়েছিল। কিন্তু ২০২৪ সালের গণভোট ছিল জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের এক অনন্য দৃষ্টান্ত। তবে জাতীয় ঐকমত্যে পৌঁছানোর পরও সরকার গঠনের পর একটি পক্ষ জনগণের সেই স্পষ্ট রায়কে অস্বীকার করছে, যা অত্যন্ত দুঃখজনক।"

রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের প্রতিনিধি ও জামায়াতের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম মুকুল, রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান বান্না, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমেদ পাটোয়ারী, সাবেক কমান্ডার আজিজুর রহমান, জুলাই আন্দোলনে শহীদ আনোয়ারের পিতা আল আমিন পাটোয়ারী এবং আন্দোলনে আহত যোদ্ধা শানজিদা চৌধুরী। মতবিনিময় সভা ও প্রীতিভোজে রামগঞ্জ উপজেলার ২৬ জন বীর মুক্তিযোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্যরা, আহত বীর যোদ্ধারা এবং উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।