যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের ওপর পূর্বপরিকল্পিত সামরিক হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই সিদ্ধান্তের পেছনে একটি ‘দ্রুত সমঝোতায়’ পৌঁছানোর শর্ত জুড়ে দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই চাঞ্চল্যকর তথ্য জানান।
পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানকে লক্ষ্য করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ও নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা থেকে সরে আসা হয়েছে।
হামলা বাতিলের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে দেশগুলোর মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, এই সম্ভাব্য চুক্তির প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে— কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণ উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকির চূড়ান্ত অবসান ঘটানো।
পোস্টে ট্রাম্প আরও বলেন, “বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি এই হামলা বাতিল করতে সম্মত হয়েছি। তবে আমার শর্ত হলো, অতি দ্রুত একটি কার্যকর চুক্তি সম্পন্ন করতে হবে।” তিনি আরও দাবি করেন, ইসরায়েলও এই সিদ্ধান্তের বিষয়ে তাঁর সঙ্গে একমত পোষণ করেছে।
পোস্টের শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়ে ট্রাম্প বলেন, “সবাই কাজে নেমে পড়ুন এবং দ্রুত চুক্তিটি সম্পন্ন করুন। ধন্যবাদ।”
উল্লেখ্য, ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরান বা ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা
মানবকণ্ঠ/ডিআর




Comments